প্রফেসর মো. লুৎফর রহমান সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার উত্তরখাষকাউলিয়া গ্রামে ১৯৬৩ সালের ৩ মার্চ নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বয়স যখন ছয় মাস তখন তিনি পিতার (পিতা সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার, বাগেরহাট, খুলনা) কর্মস্থল বাগেরহাট মহকুমায় গমন করেন। বাগেরহাটে ১৯৭২ সালের মার্চ মাস পর্যন্ত পরিবারের সাথে বুলবুল নামে বেড়ে ওঠেন। তিনি বাগেরহাট থাকাকালীন বাংলা, ইংরেজি, আরবি বর্ণমালা শিক্ষাগ্রহণ করেন এবং সেখানকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি অধ্যয়ন শেষে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন। মহান স্বাধীনতা যুদ্ধের ডামাডোল যখন ছড়িয়ে পড়ে তখন বিহারি অধ্যুষিত বাগেরহাট শহরে বিহারিদের অত্যাচারে আবার নানা বাড়িতে ফিরে আসেন। এবং সেখানেই স্বাধীনতা পরবর্তী সময়ে (১২ বৎসর) গ্রামে থাকাকালীন নানা প্রাক্তন ডিস্ট্রিক্ট বোর্ড চেয়ারম্যান মৃত. আব্দুস সামাদ মাস্টার কর্তৃক প্রতিষ্ঠিত খাষকাউলিয়া কে. আর. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে মাধ্যমিক এবং নাগরপুর কলেজ, টাঙ্গাইল থেকে উচ্চমাধ্যমিক ও বিএ (পাশ) করেন। পরবর্তিতে ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স ও মার্স্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৯৬ সালে ১৬ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, কাজিপুর, সিরাজগঞ্জে ১১ আগষ্ট প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ইসলামিয়া সরকারি কলেজে যোগদান করেন। এবং ২৯ মে ২০১৭ খ্রি. তারিখ সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে উক্ত প্রতিষ্ঠানেই ইনসিটু ছিলেন। গত ২৫ মে ২০২৩ খ্রি. তারিখে অত্র কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।